অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সকল সদস্যের বিরুদ্ধে তদন্ত ও দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আইনজীবী ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম এই নোটিশ পাঠান।
ক্যাবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের কাছে রেজিস্ট্রি ডাকযোগে নোটিশটি পাঠানো হয়েছে।
এতে নোটিশ প্রাপ্তির পাঁচ দিনের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন এবং ড. ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির আহ্বান জানানো হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়।
নোটিশে বলা হয়েছে, দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যেখানে শতাধিক শিশুর মৃত্যু এবং বহু মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। এ প্রেক্ষাপটে টিকাকরণ ব্যবস্থাপনা নিয়ে অনিয়ম ও সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তের দাবি জানানো হয়েছে।
এছাড়া নোটিশে ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূর জাহান বেগম, এম সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকীসহ উপদেষ্টা পরিষদের সদস্য এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়েছে।
ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম বলেন, আইনের শাসন, গণতন্ত্র, জবাবদিহি এবং মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই লিগ্যাল নোটিশ প্রদান করা হয়েছে।
এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

