সিএমপি’র ডিবি (পশ্চিম) বিভাগের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ তিনজন মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ কমিশনারের দিকনির্দেশনায় মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার থেকে একটি হানিফ পরিবহনের বাসে করে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইন চট্টগ্রামের দিকে আনা হচ্ছে।
এ তথ্যের ভিত্তিতে ৭ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ২টা ৫৫ মিনিটে কর্ণফুলী থানার পটিয়া ক্রসিং এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে সন্দেহভাজন বাসটিকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু চালক সংকেত অমান্য করে দ্রুতগতিতে শহরের দিকে পালানোর চেষ্টা করে। পরে গোয়েন্দা দল ধাওয়া করে বাসটি আটক করতে সক্ষম হয়।
আটকের পর বাসে থাকা ড্রাইভার, সুপারভাইজার ও হেলপারকে জিজ্ঞাসাবাদ করলে তারা গাড়িতে মাদক থাকার বিষয়টি স্বীকার করে। পরবর্তীতে যাত্রীদের উপস্থিতিতে বাসে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় আট কেজি হেরোইন এবং ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় আট কোটি টাকা এবং ইয়াবার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা বলে জানা গেছে।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ আলী হোসাইন (৪২), মোঃ আজিম (৪০) ও মুহাম্মদ রাশেল (৪৯)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে, কক্সবাজার থেকে অজ্ঞাত কয়েকজনের কাছ থেকে মাদক সংগ্রহ করে চট্টগ্রাম হয়ে ঢাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এছাড়া গ্রেফতারকৃত আলী হোসাইনের বিরুদ্ধে পূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

