শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

তারেক রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ স্বীকৃতির দাবি—সংসদে মুজিবুর রহমান

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান-কে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি তুলেছেন গাজীপুর-১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মুজিবুর রহমান। একই সঙ্গে প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া-কে ‘মুক্তিযোদ্ধা’ এবং তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো-কে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিও জানান তিনি।

- Advertisement -

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি উত্থাপন করেন। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন।

বক্তব্যের শুরুতে রাষ্ট্রপতির ভাষণে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অবদানের স্বীকৃতি দেওয়ায় কৃতজ্ঞতা জানান মুজিবুর রহমান। পরে গাজীপুর-১ আসন থেকে দীর্ঘ ৪৫ বছর পর বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি।

মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১৯৭১ সালে খালেদা জিয়া পাকিস্তানি বাহিনীর হাতে বন্দি ছিলেন। এ কারণে স্বাধীনতা যুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে ‘মুক্তিযোদ্ধা’ ঘোষণা করা উচিত বলে মত দেন তিনি।

একই ধারাবাহিকতায় তিনি দাবি করেন, মুক্তিযুদ্ধ চলাকালে নয় মাস বন্দি থাকার কারণে তারেক রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। পাশাপাশি আরাফাত রহমান কোকোকেও একই স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় বক্তব্যে কোকোর মৃত্যু নিয়ে ‘পরিকল্পিত হত্যার’ অভিযোগও তোলেন মুজিবুর রহমান।

এছাড়া গাজীপুর-১ আসনের বিভিন্ন স্থানীয় সমস্যার বিষয়েও সংসদে কথা বলেন তিনি। সড়ক অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, ফ্লাইওভার নির্মাণ, বন্ধ মিল-কারখানা চালু, হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় স্থাপন, শ্রমিক অধিকার এবং বনবিভাগ সংশ্লিষ্ট মামলাসহ বিভিন্ন উন্নয়ন ইস্যুতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন সংসদ সদস্য।

সর্বশেষ

এই বিভাগের আরও