সরকারি দলের বিরুদ্ধে রাজনৈতিক সমঝোতা ভঙ্গের অভিযোগ তুলে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল।
শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এর নেতৃত্বে বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াকআউট করেন।
এর আগে সংসদে বক্তব্য দিয়ে শফিকুর রহমান অন্তর্বর্তী সরকারের আমলের অধ্যাদেশ অনুমোদন নিয়ে সরকারি দলের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ আনেন। তিনি বলেন, “আজ আমরা দুঃখ নিয়ে সংসদ থেকে ওয়াকআউট করছি, ভবিষ্যতে আবার দেখা হবে।”
বিকেলে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন নিয়ে বিতর্কের সূত্রপাত হয়। জাতীয় সংসদের বিশেষ কমিটি অধ্যাদেশটি হুবহু অনুমোদনের সুপারিশ করলেও বিল আকারে পাসের সময় তিনটি সংশোধনী যুক্ত করা হয়।
বিল পাসের পর বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, সংশোধনীর মাধ্যমে রাজনৈতিক সমঝোতা ভঙ্গ করা হয়েছে এবং কৌশলে বিলটি পরিবর্তিত আকারে পাস করা হয়েছে।
অন্যদিকে সরকারি দলের পক্ষ থেকে বলা হয়, সংশোধনী একজন বেসরকারি সদস্য এনেছেন, সরকার নয়। প্রয়োজনে ভবিষ্যতে আবারও সংশোধন করা যেতে পারে।
এ বিষয়ে উভয় পক্ষের তর্ক-বিতর্কের একপর্যায়ে বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করে।
পাস হওয়া সংশোধনী অনুযায়ী, জাদুঘরের পর্ষদের সভাপতি হিসেবে সংস্কৃতিমন্ত্রী বা প্রতিমন্ত্রীকে রাখার বিধান করা হয়েছে। এছাড়া জনস্বার্থে সরকার যেকোনো সময় পর্ষদের সদস্যদের মনোনয়ন বাতিল করতে পারবে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, আইন প্রণয়নের এই পর্যায়ে এসে আপত্তি তোলার সুযোগ নেই, বিরোধী দলের আগেই সংশোধনী প্রস্তাব দেওয়া উচিত ছিল।
পরবর্তীতে সংশোধনীগুলো গৃহীত হয় এবং কণ্ঠভোটে বিলটি সংসদে পাস হয়।

