বাংলাদেশ–ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছেছে। ভারতের আসামে অবস্থিত নুমালীগড় রিফাইনারিজ লিমিটেড থেকে পাঠানো এ জ্বালানি দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো-এর রিসিপ্ট টার্মিনালে এসে পৌঁছায়।
শনিবার (১১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড-এর ব্যবস্থাপক (অপারেশনস) কাজী মো. রবিউল আলম। তিনি জানান, শুক্রবার রাতেই ৮ হাজার মেট্রিক টন ডিজেল গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
তিনি আরও জানান, আগামী ১৭ এপ্রিল একই পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আনার প্রস্তুতি চলছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি এপ্রিল মাসে মোট চারটি চালানে ভারত থেকে প্রায় ৪০ হাজার মেট্রিক টন জ্বালানি আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথম চালানের ৮ হাজার মেট্রিক টন ইতোমধ্যে দেশে এসেছে।
এর আগে চলতি বছরের প্রথম তিন মাসে চার দফায় পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ২২ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে। এ জ্বালানি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-এর অধীনে পদ্মা, মেঘনা ও যমুনা বিপণন কোম্পানির মাধ্যমে বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে।
উল্লেখ্য, উত্তরাঞ্চলে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ১৩১.৫৭ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন নির্মাণ করা হয়। ২০১৮ সালে বাংলাদেশ-ভারতের মধ্যে চুক্তি স্বাক্ষরের পর নির্মাণ কাজ শুরু হয়ে ২০২৩ সালের ১৮ মার্চ আনুষ্ঠানিকভাবে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি আমদানি কার্যক্রম চালু হয়।
দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী, আগামী ১৫ বছর ভারত থেকে ডিজেল সরবরাহ অব্যাহত থাকবে। এই পাইপলাইনের মাধ্যমে বছরে সর্বোচ্চ ১০ লাখ মেট্রিক টন জ্বালানি আমদানি সম্ভব, যা দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও দ্রুত ও কার্যকর করেছে।

