চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শালুকিয়া গ্রামের বেলাল হোসেন (৩৫) এবং শুভপুর গ্রামের আব্দুল রাজ্জাক (৪৫)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকা থেকে একটি কাভার্ড ভ্যানে বিপুল পরিমাণ গাঁজা চট্টগ্রামে আনা হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১১ এপ্রিল) রাত পৌনে আটটার দিকে জোরারগঞ্জ থানার করেরহাট এলাকার সায়মন ফিলিং স্টেশনের বিপরীতে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।
এ সময় একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান সেখানে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ভ্যানটিতে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। তবে র্যাব সদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হন।
পরে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

