বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

জাহাজ আটকে থাকলে ছাড়বে ইরান, জানাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের সব জাহাজ নির্বিঘ্নে চলাচল করতে পারবে—এমন আশ্বাস দিয়েছে ইরান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, প্রণালীতে জাহাজের জট থাকার কারণে সেগুলো শনাক্ত করতে কিছুটা সময় নিচ্ছে তেহরান।

- Advertisement -

রোববার (১২ এপ্রিল) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে হরমুজ প্রণালী এলাকায় বিভিন্ন দেশের বহু জাহাজ আটকে রয়েছে। তবে ইরান পর্যায়ক্রমে সেগুলো ছেড়ে দেবে এবং বাংলাদেশি কোনো জাহাজ সেখানে আটকে থাকবে না বলে আশ্বস্ত করেছে।

তিনি আরও জানান, দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সক্রিয় রয়েছে। জ্বালানি মজুত বাড়াতে বিকল্প উৎস থেকে সংগ্রহ (সোর্সিং) অব্যাহত রাখা হয়েছে এবং কয়েকটি দেশের সঙ্গে কূটনৈতিক আলোচনা চলছে।

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা প্রসঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে পাকিস্তান-এ অনুষ্ঠিত দীর্ঘ শান্তি আলোচনায় এখনো সমঝোতা না হলেও সংলাপ অব্যাহত রয়েছে বলে জানান তিনি। বাংলাদেশ শুরু থেকেই যুদ্ধের পরিবর্তে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে বলেও উল্লেখ করেন।

শামা ওবায়েদ বলেন, “হরমুজ প্রণালীতে আমাদের কোনো জাহাজ আটকে থাকলে তারা ছেড়ে দেবে—এ বিষয়ে ইরান আমাদের আশ্বস্ত করেছে।” তিনি আরও বলেন, জ্বালানি সরবরাহে কোনো সংকট না থাকলেও আগামী তিন থেকে চার মাসের মজুত নিশ্চিত করতে কাজ করছে সরকার।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য বিদেশ সফর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সর্বশেষ

এই বিভাগের আরও