বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব মোকাবিলায় বাড়তি অর্থায়ন পেতে পারে বাংলাদেশ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক চাপ মোকাবিলায় বাংলাদেশকে নিয়মিত বাজেট সহায়তার বাইরে অতিরিক্ত অর্থায়নের আশ্বাস দিয়েছে আইএমএফ এবং বিশ্বব্যাংক।

- Advertisement -

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি-তে অনুষ্ঠিত সংস্থা দুটির বসন্তকালীন বৈঠকের ফাঁকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। তিনি বর্তমানে ১১ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

প্রতিনিধিদলের একটি সূত্র জানায়, আগামী জুনের মধ্যেই বাংলাদেশ প্রায় ২ বিলিয়ন ডলারের জরুরি সহায়তা পেতে পারে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) অর্থমন্ত্রী পৃথক বৈঠক করেন উর্জিত প্যাটেল এবং জন জুট-সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে।

বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশের অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ, ভ্যাটসহ নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং বিশ্বব্যাংক বাংলাদেশের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে আগ্রহ দেখিয়েছে।

তিনি আরও বলেন, আইএমএফের চলমান ঋণ কর্মসূচির আওতায় কিস্তি ছাড়ের পাশাপাশি অতিরিক্ত সহায়তার সম্ভাবনাও রয়েছে। আগামী বাজেটের আগেই এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অর্থমন্ত্রী জানান, সামগ্রিক আলোচনা সফল হয়েছে এবং অর্থনৈতিক ঘাটতি মোকাবিলায় সরকার আশাবাদী।

উল্লেখ্য, উন্নয়নশীল দেশগুলোর জন্য ইতোমধ্যে আইএমএফ ৫০ বিলিয়ন ডলার এবং বিশ্বব্যাংক ২৫ বিলিয়ন ডলারের জরুরি সহায়তা তহবিল ঘোষণা করেছে। বর্তমানে বাংলাদেশ আইএমএফের ৫.৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির আওতায় রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও