বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

‘আমরাই ডেকেছি সর্বনাশ’ — টিপাইমুখ বাঁধে স্পিকারের চাঞ্চল্যকর মন্তব্য

ভারতের বরাক নদীতে নির্মিত টিপাইমুখ বাঁধ নিয়ে জাতীয় সংসদে বিস্ফোরক মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি বলেছেন, এই বাঁধ নিয়ে অনেক রাজনীতি হলেও বাস্তবতা হলো—বাংলাদেশই এক সময় নিজের সর্বনাশ ডেকে এনেছিল।

- Advertisement -

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নের জবাবে স্পিকার এ মন্তব্য করেন।
তিনি দাবি করেন, টিপাইমুখ বাঁধ প্রকল্পটি ভারতের পক্ষ থেকে চালু করার সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের অনুরোধের ভিত্তিতেই। এখন দেশ সেই সিদ্ধান্তের ফল ভোগ করছে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে অধিবেশনে সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক বরাক নদীর উজানে টিপাইমুখ বাঁধের প্রভাব তুলে ধরে প্রশ্ন করেন। তিনি বলেন, বর্ষা মৌসুমে অকাল বন্যা এবং শুষ্ক মৌসুমে পানির সংকটে সিলেট অঞ্চলের মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারের পরিকল্পনা কী—তা জানতে চান তিনি।

জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেন, টিপাইমুখ বাঁধ একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এ বিষয়ে দ্রুত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সমাধানের পথ খোঁজা হবে এবং সরকার সর্বোচ্চ চেষ্টা করবে।

মন্ত্রীর বক্তব্যের পর স্পিকার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিতর্ক থাকলেও অতীতের সিদ্ধান্তের দায় এড়ানো যাবে না।

উল্লেখ্য, ভারতের বরাক নদীর ওপর নির্মিত টিপাইমুখ বাঁধ নিয়ে দীর্ঘদিন ধরে বাংলাদেশে পরিবেশগত ও পানিবণ্টন সংক্রান্ত উদ্বেগ রয়েছে। বিশেষ করে সিলেট অঞ্চলে এর প্রভাব নিয়ে নানা সময় আলোচনা ও সমালোচনা হয়ে আসছে।

সর্বশেষ

এই বিভাগের আরও