রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বর্তমান মজুত গ্যাসে চলবে আরও ১২ বছর—জ্বালানি মন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

দেশে বিদ্যমান গ্যাসের মজুত দিয়ে আগামী প্রায় ১২ বছর সরবরাহ বজায় রাখা সম্ভব হবে বলে জানিয়েছেন ইকবাল হাসান মাহমুদ।

- Advertisement -

রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

লিখিত জবাবে মন্ত্রী জানান, দেশে বর্তমানে উত্তোলনযোগ্য গ্যাসের মোট মজুত ২৯ দশমিক ৭৪ ট্রিলিয়ন ঘনফুট। এর মধ্যে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ২২ দশমিক ১১ ট্রিলিয়ন ঘনফুট উত্তোলন করা হয়েছে। ফলে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত অবশিষ্ট গ্যাসের পরিমাণ দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৩ ট্রিলিয়ন ঘনফুট।

তিনি বলেন, নতুন কোনো গ্যাসক্ষেত্র আবিষ্কৃত না হলে এবং প্রতিদিন গড়ে ১৭০০ মিলিয়ন ঘনফুট হারে সরবরাহ অব্যাহত থাকলে এই মজুত দিয়ে প্রায় ১২ বছর দেশের চাহিদা পূরণ করা সম্ভব হবে।

গ্যাস অনুসন্ধান কার্যক্রম প্রসঙ্গে মন্ত্রী জানান, পেট্রোবাংলা-এর পরিকল্পনা অনুযায়ী ৫০ থেকে ১০০টি কূপ খনন ও ওয়ার্কওভারের কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ২৬টি কূপের কাজ সম্পন্ন হয়েছে এবং বাকি কার্যক্রম চলমান রয়েছে।

এছাড়া বাপেক্স ব্লক-৭ ও ৯-এ প্রায় ৩৬০০ কিলোমিটার এলাকায় সিসমিক ডেটা সংগ্রহ ও প্রক্রিয়াকরণ কাজ করছে। একইসঙ্গে বিজিএফসিএল হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা এলাকায় ৩ডি সিসমিক জরিপ কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

মন্ত্রী আরও জানান, দেশের বিভিন্ন এলাকায় নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে একাধিক প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ

এই বিভাগের আরও