দেশে জ্বালানি সংকট না থাকার সরকারি দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেছেন, যদি জ্বালানির কোনো সংকটই না থাকে, তাহলে পেট্রোল পাম্পে এত দীর্ঘ লাইন কেন, দামই বা কেন বাড়ানো হচ্ছে।
রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের আলোচনায় তিনি এ প্রশ্ন তোলেন।
রুমিন ফারহানা বলেন, “কয়েক কিলোমিটারজুড়ে লম্বা লাইন, মাঝরাত পর্যন্ত ড্রাইভাররা দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না। অথচ বলা হচ্ছে কোনো সংকট নেই।” তিনি আরও বলেন, “যদি সংকট না থাকে, তাহলে অফিস সময় কমানো হলো কেন, বাজার আগেই বন্ধের সিদ্ধান্ত কেন নেওয়া হলো?”
তার বক্তব্যের সময় ট্রেজারি বেঞ্চ থেকে কিছু সংসদ সদস্যের আপত্তি ও অঙ্গভঙ্গির অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, সংসদ দেশের সর্বোচ্চ মর্যাদার স্থান, এখানে বক্তব্য দেওয়ার সময় কোনো সদস্যকে অসম্মান করা উচিত নয়।
স্পিকারের প্রতি আহ্বান জানিয়ে রুমিন বলেন, সরকার যেন স্পষ্ট করে জানায়—দেশে বর্তমানে কত দিনের জ্বালানি মজুত আছে এবং কেন পাম্পগুলোতে পর্যাপ্ত সরবরাহ পৌঁছাচ্ছে না।
এ সময় সংসদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান স্পিকার।
আলোচনায় অংশ নিয়ে গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দীন তার এলাকায় দীর্ঘসময় লোডশেডিংয়ের অভিযোগ তুলে বলেন, এতে চিকিৎসা ও কৃষি খাতে বড় ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে।

