মেধাভিত্তিক, দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানে মেধানির্ভর মানবসম্পদ তৈরি করা ছাড়া কোনো বিকল্প নেই।
শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর নিউ ইস্কাটন-এ বিয়াম ফাউন্ডেশন-এর তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। একটি দক্ষ প্রশাসনই উন্নত রাষ্ট্র গঠনের প্রধান চালিকাশক্তি।
বিয়াম ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে সংস্থাটি দেশের জনপ্রশাসনকে দক্ষ ও প্রশিক্ষিত করে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের চেতনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক এবং তারা দীর্ঘদিন ধরে জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা প্রত্যাশা করেছে। বর্তমান সরকার সেই প্রত্যাশা পূরণে কাজ করছে।
তিনি আরও বলেন, আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে আরও জনমুখী হতে হবে। এজন্য সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিয়াম ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্যসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

