রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব তথ্য তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ উদ্যোগগুলোর বিস্তারিত তুলে ধরেন।
প্রধানমন্ত্রী জানান, স্থানীয় সরকার বিভাগের আওতায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে নগর পরিচ্ছন্নতা ও সবুজায়নে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। নাগরিকদের সচেতনতা বাড়াতে সাপ্তাহিক কর্মসূচি চালুর পাশাপাশি মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা হয়েছে।
বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনগুলো উন্নত করা হচ্ছে এবং পরিবেশবান্ধব উপায়ে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে মাতুয়াইল ল্যান্ডফিলকে সার্কুলার ইকোনমি ভিত্তিক বর্জ্য ও জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় নগর বনায়ন কার্যক্রম জোরদার করা হয়েছে। আগামী পাঁচ বছরে পাঁচ লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের খালি জায়গাগুলোতেও বৃক্ষরোপণ করা হবে।
বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আধুনিক গণপরিবহন ব্যবস্থা চালু এবং ২৫০টি ইলেকট্রিক বাস সংযোজনের পরিকল্পনা রয়েছে। দূষণকারী যানবাহন ও নির্মাণকাজের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, অবৈধ ইটভাটা বন্ধে অভিযান চলছে এবং ঢাকার চারপাশে দূষণ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। নদী ও খাল দূষণ রোধে শিল্পপ্রতিষ্ঠানে ইটিপি স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে এবং ইতোমধ্যে শতাধিক প্রতিষ্ঠানে তা স্থাপন করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ সংরক্ষণে বিভিন্ন সংস্থার সমন্বয়ে রাস্তার মিডিয়ান, খালের পাড় ও খালি জায়গায় বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে হাজার হাজার গাছ লাগানো হয়েছে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে বনায়ন কর্মসূচি চালানো হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, এসব সমন্বিত উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে ধীরে ধীরে একটি পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সম্ভব হবে।

