রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষ্যে রাজধানীতে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বিএনপির অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর রাজধানীতে এটিই হবে তার প্রথম জনসভা।

- Advertisement -

শুক্রবার (১ মে) দুপুর ২টা ৩০ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবে। এতে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

এর আগে বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান জানান, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতেই এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সমাবেশকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে একাধিক দফা বৈঠকও করা হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, সমাবেশে বিপুল সংখ্যক শ্রমিক ও নেতাকর্মীর উপস্থিতি হবে। সে লক্ষ্যে ঢাকা ও আশপাশের জেলার নেতাকর্মীদের অংশগ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সদস্যরাও এতে যোগ দেবেন।

সমাবেশ উপলক্ষ্যে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ফকিরাপুল থেকে কাকরাইল পর্যন্ত সড়ক সাময়িকভাবে বন্ধ থাকবে এবং যানবাহনগুলো বিকল্প পথে চলাচল করবে। তবে জরুরি সেবা, বিশেষ করে অ্যাম্বুলেন্স চলাচলের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।

এ ছাড়া সমাবেশে অংশগ্রহণকারীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

সর্বশেষ

এই বিভাগের আরও