রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

কোরবানির পশু ১.২৩ কোটি, চাহিদার চেয়ে বেশি—আমদানি লাগবে না

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশে কোরবানিযোগ্য গবাদিপশুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে বলে জানিয়েছে সরকার। এবার মোট ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার পশু প্রস্তুত রয়েছে, যেখানে সম্ভাব্য চাহিদা ধরা হয়েছে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি।

- Advertisement -

রোববার (৩ মে) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এ তথ্য জানান। তিনি বলেন, উৎপাদন চাহিদার চেয়ে বেশি হওয়ায় কোনো ধরনের ঘাটতির আশঙ্কা নেই।

মন্ত্রণালয়ের তথ্যমতে, কোরবানির জন্য প্রস্তুত পশুর মধ্যে রয়েছে ৫৬ লাখ ৯৫ হাজার ৮৭৮টি গরু-মহিষ, ৬৬ লাখ ৩২ হাজার ৩০৭টি ছাগল-ভেড়া এবং ৫ হাজার ৬৫৫টি অন্যান্য প্রাণী।

গত বছর (২০২৫) কোরবানিযোগ্য পশুর সংখ্যা ছিল ১ কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৩৩৭টি, যার মধ্যে প্রায় ৩৩ লাখ ১০ হাজার পশু উদ্বৃত্ত ছিল।

সরকার জানিয়েছে, দেশে পর্যাপ্ত পশু থাকায় এ বছর কোরবানির জন্য কোনো পশু আমদানি করা হবে না। অবৈধভাবে পশু প্রবেশ ঠেকাতে সীমান্তে আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে বিজিবি, নজরদারি জোরদার করবে।

পশু পরিবহনে ভোগান্তি কমাতে এবারও বিশেষ ট্রেন চালু করা হবে, যা উত্তরবঙ্গ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত চলাচল করবে। পাশাপাশি সড়ক ও পশুর হাটে চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর দুই সিটি করপোরেশনের আওতায় ২৭টি পশুর হাট বসবে। এসব হাটে ২০টি ভেটেরিনারি মেডিকেল টিম ও ২টি বিশেষজ্ঞ দল চিকিৎসা সেবা দেবে। এছাড়া সারা দেশে মোট ৩ হাজার ৬৭৮টি হাটে পশু বেচাকেনা হবে, যেখানে প্রয়োজন অনুযায়ী ভেটেরিনারি টিম নিয়োজিত থাকবে।

অনলাইনে পশু বিক্রির ব্যবস্থাও থাকছে, এবং এ ক্ষেত্রে কোনো ধরনের খাজনা বা ফি নেওয়া হবে না। কোরবানির পর চামড়া সংরক্ষণ ও ব্যবস্থাপনা সঠিকভাবে নিশ্চিত করতে প্রশিক্ষণ কার্যক্রমও হাতে নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, কোরবানির বাজার স্থিতিশীল রাখতে আগের চেয়ে কঠোর আইনশৃঙ্খলা ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে চাঁদাবাজির কারণে পশুর দাম অযৌক্তিকভাবে না বাড়ে।

সর্বশেষ

এই বিভাগের আরও