রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ভারতের জন্য অপেক্ষা নয়, বিকল্প পথে উন্নয়ন এগোতে চায় সরকার

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

তিস্তা প্রকল্প নিয়ে চীনের সঙ্গে আলোচনা করতে বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেছেন, এই সফরে তিস্তা ইস্যু ‘অবশ্যই’ আলোচনায় থাকবে।

- Advertisement -

মঙ্গলবার (৫ মে) সফরের আগে সাংবাদিকদের তিনি জানান, তিস্তাপাড়ের মানুষের স্বার্থে উন্নয়ন প্রকল্প এগিয়ে নিতে সরকার ভারতের জন্য বসে থাকতে চায় না। চীন-এর সঙ্গে আলোচনা করে বিকল্প পথ খোঁজা হবে।

মন্ত্রী বলেন, “তিস্তা আমাদের ওই অঞ্চলের মানুষের বাঁচা-মরার প্রশ্ন। আমরা সব সম্ভাব্য উপায় খুঁজে দেখব এবং যেটা সবচেয়ে ভালো, সেটাই বাস্তবায়ন করব—বাংলাদেশ ফার্স্ট।”

তিস্তা নদী নিয়ে বহু প্রতীক্ষিত পানিবণ্টন চুক্তি ২০১১ সালে প্রায় চূড়ান্ত হলেও মমতা বন্দ্যোপাধ্যায়-এর আপত্তিতে তা আটকে যায়। এরপর নরেন্দ্র মোদী সরকারের সময়েও চুক্তিটি আর এগোয়নি।

এ অবস্থায় ‘তিস্তা রিভার কমপ্রিহেনসিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট’ হাতে নেয় বাংলাদেশ। এই প্রকল্পে চীনের অর্থায়ন ও কারিগরি সহায়তা নিয়ে আগ্রহ রয়েছে বলে জানা গেছে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, নতুন সরকারের পক্ষ থেকে এটি চীনে প্রথম সফর। সফরে তিনি চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং দুই দেশের সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান কৌশলগত সহযোগিতামূলক সম্পর্ককে আরও বিস্তৃত ও উন্নত করার সম্ভাবনাও খতিয়ে দেখা হবে।

তিস্তা ইস্যুতে তিনি স্পষ্ট করেন, পানিবণ্টন চুক্তি ও উন্নয়ন প্রকল্প—দুটি ভিন্ন বিষয়। তবে তিস্তাপাড়ের মানুষের অর্থনৈতিক ও পরিবেশগত সংকট নিরসনে সরকার সব ধরনের উদ্যোগ নেবে।

ভারত থেকে সম্ভাব্য ‘পুশ-ইন’ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ ধরনের যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সর্বশেষ

এই বিভাগের আরও