রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। হল থেকে নেমে এসে বিক্ষোভে অংশ নিয়েছেন নারী শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৫ মে) রাতে হল গেটের সামনে জড়ো হয়ে তারা বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভকারীদের কণ্ঠে শোনা যায়—‘হল কারো বাপের না, ছাত্ররাজনীতি চলবে না’ এবং ‘প্রশাসনের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’।
জানা গেছে, সম্প্রতি কলেজের হলে একটি ছাত্রসংগঠনের কমিটি ঘোষণার পর থেকেই উত্তেজনা তৈরি হয়। ওই কমিটির সমালোচনা করায় তিন শিক্ষার্থীকে বহিষ্কারের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
এই বহিষ্কারের আশঙ্কাকে কেন্দ্র করেই শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত তারা বিক্ষোভে নামেন।
শিক্ষার্থীরা জানান, হলে রাজনৈতিক কার্যক্রম বন্ধ করে নিরাপদ ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। অন্যথায় আন্দোলন আরও জোরদার করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
এ বিষয়ে কলেজ প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

