রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ডিজিটাল যুগে সাংবাদিকতায় শৃঙ্খলা, আসছে আচরণবিধি

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা ও আচরণবিধি (কোড অব কনডাক্ট) প্রণয়ন এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

- Advertisement -

বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক গণমাধ্যমের দ্রুত বিস্তারের ফলে সাংবাদিকতার পেশাগত মান ও দায়বদ্ধতা নিশ্চিত করতে একটি শক্তিশালী নীতিমালা এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। সরকার এ লক্ষ্যে দ্রুত রেগুলেটরি কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে।

জাহেদ উর রহমান আরও বলেন, বর্তমানে খুব সহজেই অনলাইন মিডিয়া চালু করা যাচ্ছে, কিন্তু সুনির্দিষ্ট নীতিমালার অভাব রয়েছে। জেলা প্রশাসকদের পক্ষ থেকেও সাংবাদিকদের জন্য নির্দিষ্ট মানদণ্ড ও আচরণবিধি প্রণয়নের প্রয়োজনীয়তার কথা উঠে এসেছে, যাতে মাঠপর্যায়ে প্রশাসন ও গণমাধ্যম উভয়ের কাজ সহজ হয়।

তিনি জানান, তথ্য মন্ত্রণালয় ইতোমধ্যে সাংবাদিকতার জন্য একটি সমন্বিত নীতিমালা তৈরির কাজ শুরু করেছে এবং তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে তথ্যপ্রবাহ উন্মুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, তথ্য গোপনের প্রবণতা থেকে বর্তমান সরকার সরে আসতে চায়।

গুজব ও অপতথ্য মোকাবিলায় সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। জানান, সংবাদের সত্যতা যাচাই বা ফ্যাক্ট-চেকিং কার্যক্রম জোরদার করতে একটি প্রকল্প নেওয়া হয়েছে। এর আওতায় জেলা পর্যায়ের তথ্য অবকাঠামোকে সমন্বিত করা হবে এবং সংশ্লিষ্টদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

ডিজিটাল বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে তথ্যসেবা কাঠামো আধুনিকায়নের দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

সর্বশেষ

এই বিভাগের আরও