রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার যুদ্ধের জন্য লোক পাঠানোর অভিযোগে নিষেধাজ্ঞায় বাংলাদেশি ট্রাভেল এজেন্সি

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

ইউক্রেইন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াইয়ের জন্য প্রতারণার মাধ্যমে লোক পাঠানোর অভিযোগে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার তালিকায় উঠেছে বাংলাদেশের একটি ট্রাভেল এজেন্সি।

- Advertisement -

মানবপাচার ও অভিবাসী শোষণের অভিযোগে নিষেধাজ্ঞার মুখে পড়েছে ‘ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড টুরস লিমিটেড’। একই অভিযোগে আরও ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ব্রিটিশ সরকার।

ঢাকায় ব্রিটিশ হাই কমিশন জানিয়েছে, বাংলাদেশিদের প্রতারণার মাধ্যমে ইউক্রেইন যুদ্ধে পাঠানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

রাশিয়ার ড্রোন উৎপাদন ও যুদ্ধ কার্যক্রমে সহায়তাকারী চক্রের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে মোট ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শাস্তির আওতায় এনেছে যুক্তরাজ্য। ব্রিটিশ সরকারের ভাষ্য অনুযায়ী, এই চক্র উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বিদেশি অভিবাসীদের নিয়োগ করে যুদ্ধের সম্মুখভাগ কিংবা অস্ত্র কারখানায় পাঠাচ্ছে।

‘বৈশ্বিক অনিয়মিত অভিবাসন ও মানবপাচারের জন্য নিষেধাজ্ঞা’ আইনের আওতায় ড্রিম হোম ট্রাভেলসের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে যুক্তরাজ্যে প্রতিষ্ঠানটির সম্পদ জব্দ, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং ব্রিটিশ প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন বন্ধের মতো পদক্ষেপ কার্যকর হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, নিষেধাজ্ঞার তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে সের্গেই মেরজলিয়াকভ ও আবিদ কালিদ শারিফ আবিদের বিরুদ্ধে মধ্যপ্রাচ্য ও বাংলাদেশ থেকে লোক সংগ্রহ করে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় ব্যবহারের অভিযোগ রয়েছে।

গত সপ্তাহে ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটসের এক প্রতিবেদনে বলা হয়, ২০২২ সাল থেকে এ পর্যন্ত অন্তত ২৭ হাজার বিদেশি যোদ্ধাকে এভাবে নিয়োগ করেছে রাশিয়া। প্রতিবেদনে দাবি করা হয়, ইউরোপে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা মানুষদের টার্গেট করা হচ্ছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এভাবে নিয়োগ পাওয়া ব্যক্তিদের প্রায় এক-পঞ্চমাংশ প্রথম চার মাসের মধ্যেই নিহত হন। দুর্বল প্রশিক্ষণ ও নির্যাতনের কারণেও তাদের অনেককে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও