ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল আরএন রবি। এর ফলে মুখ্যমন্ত্রীর পদে আর থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার (৭ মে) এক বিবৃতিতে রাজ্যপাল এ সিদ্ধান্ত জানান। বিবৃতিতে তিনি বলেন, ভারতের সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের ২ ধারার (খ) উপধারায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে ৭ মে ২০২৬ থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দেওয়া হলো।
এরই মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হলো ১৭তম পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ। এখন নবনির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে গঠন করা হবে ১৮তম বিধানসভা।
ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, বিধানসভা নির্বাচনে হারের পরও মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে অনড় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বিধানসভা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হওয়ায় তিনি আর মুখ্যমন্ত্রী থাকছেন না।
এদিকে নির্বাচনে ঐতিহাসিক জয় পাওয়া ভারতীয় জনতা পার্টি (বিজেপি) জানিয়েছে, নতুন মুখ্যমন্ত্রী আগামী ৯ মে শপথ গ্রহণ করবেন।

