ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় ব্যয়ের হিসাব বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনে জমা দিয়েছে। দলটির দেওয়া তথ্যমতে, নির্বাচনে মোট ব্যয় হয়েছে প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা, যার বড় অংশই প্রার্থীদের অনুদান হিসেবে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ মে) নির্বাচন কমিশন সচিবালয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ-এর কাছে ব্যয়ের হিসাব জমা দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
দলীয় হিসাব বিবরণীতে, যা সই করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, উল্লেখ করা হয়েছে— নির্বাচনে মোট ব্যয় হয়েছে ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা।
এর মধ্যে ২২৫ জন প্রার্থীকে অনুদান হিসেবে দেওয়া হয়েছে ৪ কোটি টাকা। প্রতিটি প্রার্থী দলীয় তহবিল থেকে দেড় লাখ থেকে ২ লাখ টাকা পর্যন্ত সহায়তা পেয়েছেন বলে জানানো হয়েছে।
এ ছাড়া নির্বাচনি ইশতেহার ডিজাইন ও মুদ্রণ, সংবাদ সম্মেলন আয়োজন, আপ্যায়ন, নির্বাচনি সামগ্রী পরিবহন, কেন্দ্রীয় নেতাদের সফর এবং প্রচারণামূলক বিজ্ঞাপনে ব্যয় দেখানো হয়েছে।
হিসাব অনুযায়ী, নির্বাচনি প্রচারণায় ব্যয় হয়েছে ২০ লাখ ৯০ হাজার ৮২৭ টাকা। জনসভা ও সফর বাবদ খরচ হয়েছে ১৪ লাখ ১৭ হাজার ৫৯৯ টাকা। এছাড়া প্রশাসনিক ও আবাসন খাতে ৯ লাখ ৪৪ হাজার ৯৪৪ টাকা, স্টাফ ব্যয় ২ লাখ ৮৫ হাজার ৯০২ টাকা এবং পরিবহন খাতে ৮ হাজার ৭০০ টাকা ব্যয়ের তথ্য উল্লেখ করা হয়েছে।
দলটি আরও জানিয়েছে, বিবিধ খাতে অতিরিক্ত প্রায় ২ লাখ টাকা ব্যয় হয়েছে।

