যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন–এর হৃদযন্ত্রের একটি ধমনীতে গুরুত্বপূর্ণ ব্লক ধরা পড়েছে। পরে জরুরিভাবে তার এনজিওপ্লাস্টি করা হয় এবং একটি স্টেন্ট প্রতিস্থাপন করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হয়েছে এবং বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
মঙ্গলবার (১২ মে) রাতে বঙ্গভবনের প্রেস উইং এ তথ্য জানায়।
রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল ডা. এ কে এম ফয়জুল হকের বরাতে জানানো হয়, মঙ্গলবার দুপুরে যুক্তরাজ্যের ক্যামব্রিজের রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে Hospital–এ তার এনজিওগ্রাম সম্পন্ন হয়। ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টিফেন হোলির তত্ত্বাবধানে পরীক্ষার সময় হৃদযন্ত্রের একটি ধমনীতে উল্লেখযোগ্য ব্লক শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে এনজিওপ্লাস্টি করে স্টেন্ট বসানো হয়।
বর্তমানে রাষ্ট্রপতি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
এর আগে ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল–এ ওপেন হার্ট সার্জারি করান রাষ্ট্রপতি। এরপর থেকে হৃদরোগ-সংক্রান্ত ফলোআপ চিকিৎসার অংশ হিসেবে নিয়মিত ক্যামব্রিজের রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।
বিশ্বমানের হৃদরোগ চিকিৎসা ও গবেষণার জন্য পরিচিত এই হাসপাতালটি বিশ্বের প্রথম সফল হার্ট ট্রান্সপ্লান্ট সম্পন্নকারী প্রতিষ্ঠানগুলোর অন্যতম হিসেবে স্বীকৃত।
গত ৯ মে ফলোআপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে লন্ডনের পথে ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপতি। চিকিৎসা শেষে আগামী ১৮ মে দেশে ফেরার কথা রয়েছে।

