শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সমঝোতা স্মারক সই বাংলাদেশের

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

বৈশ্বিক জ্বালানি অস্থিরতার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ সরকার।

- Advertisement -

ওয়াশিংটনের স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তরে এ সমঝোতা স্মারক সই অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট চুক্তিতে সই করেন।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার মধ্যেই এ সমঝোতা স্মারক সই হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের প্রচেষ্টায় এই এমওইউ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে।

সমঝোতার আওতায় তেল, গ্যাস, তাপবিদ্যুৎ ও জৈব জ্বালানি খাতে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে সাশ্রয়ী মূল্যে এলএনজি, এলপিজি ও অন্যান্য জ্বালানি পণ্য আমদানির পথও উন্মুক্ত হবে।

এমওইউ সই অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ উদ্যোগে সমর্থন দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি।

যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট এ সমঝোতাকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ‘ঐতিহাসিক ঘটনা’ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারত্ব অতীতেও গুরুত্বপূর্ণ ফল বয়ে এনেছে, ভবিষ্যতেও আরও বড় সুযোগ তৈরি হবে। মার্কিন কোম্পানি এবং বাংলাদেশের শিল্প ও জনগণের জন্য জ্বালানি সহযোগিতায় বিপুল সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও