বাংলাদেশের চামড়াশিল্পকে বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাত হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শুক্রবার (১৫ মে) দুপুরে সিলেট নগরীর রিকাবীবাজার জিমনেসিয়াম হলে আয়োজিত বিভাগীয় পর্যায়ের ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের চামড়া খাতের বিদ্যমান দুর্বলতাগুলো ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। এ শিল্পের উন্নয়নে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে একাধিকবার ফলপ্রসূ আলোচনা হয়েছে। প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের শক্তিশালী অবস্থান তৈরি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র আড়াই মাস। এত অল্প সময়ে বড় ধরনের পরিবর্তন সম্ভব না হলেও দীর্ঘমেয়াদি সংস্কার কার্যক্রম পুরোদমে চলছে।
চামড়া শিল্পের উন্নয়নে জনসাধারণের কাছে কিছুটা সময় চেয়ে মন্ত্রী বলেন, ধাপে ধাপে এ খাতের ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে।
শিল্প রক্ষায় জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, চামড়া দেশের একটি অমূল্য সম্পদ। এটি যেন কোনোভাবেই অপচয় বা নষ্ট না হয়, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। সম্পদ সংরক্ষণে দায়িত্বশীল আচরণেরও আহ্বান জানান তিনি।
সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এবং সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

