মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

হেফাজতে ইসলামে কোনো বিভেদ নেই, সবাই ঐক্যবদ্ধ: বাবুনগরী

উপজেলা প্রতিনিধি:

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, হেফাজতে ইসলামের মধ্যে কোনো বিভেদ, ফাটল বা বিরোধ নেই। একটি স্বার্থান্বেষী মহল সংগঠনটিকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

- Advertisement -

রোববার (১৭ মে) সকালে ফটিকছড়ির নাজিরহাটে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসা প্রাঙ্গণে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা ও উপকমিটির সদস্যদের বিশেষ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাবুনগরী বলেন, “কিছু বাতেল গোষ্ঠী হেফাজতের মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে বলে গুজব ছড়াচ্ছে। কিন্তু বাস্তবতা হলো—হেফাজতের মধ্যে কোনো ফাটল বা বিরোধ নেই। সবাই ঐক্যবদ্ধভাবে সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করছে।”

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকও একই বক্তব্য দেন।

তিনি বলেন, “হেফাজতে ইসলামের মধ্যে কোনো বিভেদ নেই। ১১ দলীয় জোট কেবল একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম। এখানে আকিদাগত কোনো বিষয় নেই। তবে হেফাজতে ইসলাম আমাদের আকিদার জায়গা, আবেগের জায়গা।”

মামুনুল হক আরও বলেন, “চব্বিশ-পরবর্তী সময়ে আমাদের মধ্যে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে উঠেছে, যেখানে হেফাজতের অনেক নেতা সম্পৃক্ত হয়েছেন। এটি মূলত ভোট ও রাজনৈতিক ঐক্যের বিষয়।”

তিনি জানান, আমিরে হেফাজত বিভিন্ন সময়ে যে বক্তব্য দিয়েছেন, তার সঙ্গে তাদের পূর্ণ সহমত রয়েছে এবং এ নিয়ে ১১ দলীয় জোটের কোনো ক্ষোভ বা দ্বিমত নেই।

ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠকে আরও উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক, আল্লামা শাহ সালাউদ্দিন নানুপুরী, মুফতি জসিম উদ্দিন, আল্লামা আইয়ুব বাবুনগরী এবং সাংগঠনিক সম্পাদক আল্লামা বশিরুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা।

সর্বশেষ

এই বিভাগের আরও