সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। তবে তাদের কারও শরীরে পরীক্ষায় হাম শনাক্ত হয়নি।
সোমবার (১৮ মে) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে আরও ১ হাজার ৪০৫ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে মোট ৩৮৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৭৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত মোট মৃত্যু দাঁড়িয়েছে ৪৬৪ জনে।
কন্ট্রোল রুমের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ৬৫ দিনে দেশে সন্দেহজনক হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার ৯১১ জনে।
এর মধ্যে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছে ৪২ হাজার ৮৬৮ জনকে।
এদিকে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৮৫৬ জনে।
তবে আক্রান্তদের মধ্যে সুস্থতার হারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ২৩৬ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ হাজার ৯৮০ জন রোগী।

