বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

দায়িত্বের পাশাপাশি প্রযুক্তি ও কর্মসংস্থানে এগিয়ে আনসার বাহিনী: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ আনসার বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন প্রযুক্তি ও দেশে-বিদেশে কর্মসংস্থান তৈরিতে বিশেষ ভূমিকা রাখছে।

- Advertisement -

বুধবার (২০ মে) সকালে গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একাডেমির মিলনায়তনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ ও ব্যুত্থান মহড়া প্রদর্শনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থান-পরবর্তী সংকটময় পরিস্থিতিতে থানা পাহারা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা সহায়তায় আনসার ও ভিডিপি সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি আনসার সদস্যরা সামাজিক সচেতনতা সৃষ্টি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রযুক্তিনির্ভর সেবা দেওয়ার মতো ক্ষেত্রেও সক্রিয় অবদান রাখছে।

সুশৃঙ্খল বাহিনীর জন্য ‘কমান্ড চেইন’ ও ‘শৃঙ্খলা’ মেনে চলার গুরুত্ব তুলে ধরে সরকারপ্রধান বলেন, কোনো বাহিনীতে শৃঙ্খলার ঘাটতি দেখা দিলে জনগণের আস্থার সংকট তৈরি হয়।

তিনি জানান, বর্তমানে ৪৭টি আনসার ব্যাটালিয়নের মধ্যে ১৬টি পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালন করছে। এছাড়া ৫২ হাজার অঙ্গীভূত আনসার সদস্য দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পকারখানা, সরকারি দপ্তর ও বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি ইউনিয়নে পুরুষ ও মহিলা ভিডিপি প্লাটুন বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন মোকাবিলা ও মাদকবিরোধী কার্যক্রমে কাজ করছে। একইসঙ্গে নগর এলাকায় টিডিপি সদস্যরা শহরের নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখছেন।

তিনি আরও বলেন, ‘সঞ্জীবন প্রকল্প’, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ও ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে জামানতবিহীন ঋণ সহায়তা, কারিগরি প্রশিক্ষণ, ফ্রিল্যান্সিং ও ডিজিটাল বিপণন প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় বিদেশে কর্মসংস্থানের উদ্যোগকেও সময়োপযোগী উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাপানি ভাষা শিক্ষা, ৬জি ওয়েল্ডিং ও আধুনিক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াবে।

দুর্যোগ ব্যবস্থাপনায় আনসার-ভিডিপিকে নির্ভরযোগ্য “প্রথম সাড়াদানকারী” বাহিনী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বন্যা ও অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগে বাহিনীটির সাহসিকতা ও মানবিক দায়বদ্ধতা প্রশংসনীয়।

ক্রীড়াক্ষেত্রেও আনসার-ভিডিপির অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, বাহিনীটির ১৫ জন ক্রীড়াবিদকে স্পোর্টস কার্ড দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে তিনি আরও জানান, আনসার ব্যাটালিয়ন বিধিমালা, ভিডিপি প্রবিধানমালা ও নিয়োগ-পদোন্নতি সংক্রান্ত নতুন বিধিমালার খসড়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও