চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নে ফেসবুক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই মুহাম্মদ জয়নাল (৩৮) নিহত হয়েছেন।
শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাগানবাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উদয় পাথর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জয়নাল ওই এলাকার মোহাম্মদ ইলিয়াসের ছেলে।
পুলিশ জানায়, প্রাথমিক অনুসন্ধানে ফেসবুক-সংক্রান্ত একটি বিরোধ থেকেই ঘটনার সূত্রপাত হয়েছে। জয়নালের বড় ভাই মো. জাফর এবং প্রতিবেশী শাহজানের মধ্যে স্থানীয় নুরুল আমিনের চায়ের দোকানে কথা কাটাকাটি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।
এ সময় জয়নাল পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে ধস্তাধস্তির এক পর্যায়ে জাফর তাকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে পথেই তার মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ অভিযুক্ত জাফরকে আটক করেছে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, “ফেসবুক-সংক্রান্ত বিষয়টি ঘটনার মূল কারণ হিসেবে প্রাথমিকভাবে শনাক্ত হয়েছে। তবে ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

