প্রয়োজন হলে ‘অপারেশন সিঁদুর’-এর পরবর্তী ধাপ ‘অপারেশন সিঁদুর ২.০’ পরিচালনার জন্য ভারতীয় সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।
শনিবার (৩০ মে) পুনেতে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি-এর ১৫০তম কোর্সের পাসিং-আউট প্যারেড উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান জানান, আধুনিক যুদ্ধের ক্রমবর্ধমান ও বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর মধ্যে যৌথ সমন্বয় এবং সক্ষমতা আরও জোরদার করা হচ্ছে।
জেনারেল দ্বিবেদী বলেন, “অপারেশন সিঁদুর এখনও চলমান। বর্তমানে যুদ্ধ সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে ভারতীয় সেনাবাহিনী এবং তিন বাহিনী সম্ভাব্য ‘অপারেশন সিঁদুর ২.০’-এর মতো যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি অব্যাহত রেখেছে।”
তিনি আরও বলেন, অপারেশন সিঁদুর ভারতীয় বাহিনীর পরিকল্পিত ও কার্যকর সামরিক প্রতিক্রিয়া প্রদানের সক্ষমতার প্রমাণ দিয়েছে। এ অভিযানের মাধ্যমে সমন্বিত পরিকল্পনা, তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য, নির্ভুল লক্ষ্যভেদ, শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, নিরাপদ যোগাযোগ এবং বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয়ের গুরুত্ব স্পষ্ট হয়েছে।
ভারতীয় সেনাপ্রধানের ভাষ্য অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে যুদ্ধবিরতি থাকলেও সশস্ত্র বাহিনী উচ্চ সতর্কাবস্থায় রয়েছে এবং ভবিষ্যতের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে।
উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিলে পাহলগাম-এ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী অবকাঠামোকে লক্ষ্য করে ভারত ‘অপারেশন সিঁদুর’ শুরু করে।

