রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রামিসা হত্যা মামলায় ন্যায়বিচার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

পল্লবীর আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

- Advertisement -

রোববার (৭ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, রামিসা হত্যাকাণ্ডের ডেথ রেফারেন্স দ্রুত নিষ্পত্তির জন্য বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে আনা হবে এবং আইনানুগভাবে মামলার সিরিয়াল এগিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসার ঘটনায় আদালত ন্যায়বিচার নিশ্চিত করেছে। দেশের বিচারিক ইতিহাস এবং পুলিশের গ্রেপ্তার ও তদন্ত কার্যক্রমের ক্ষেত্রে এই মামলাটি একটি মাইলফলক হয়ে থাকবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার এভাবেই কাজ করে যেতে চায়।

তিনি আরও বলেন, রামিসা হত্যা মামলার তদন্তে ভূমিকা রাখা পুলিশ সদস্যদের পাশাপাশি গোয়ালন্দ ঘাটে দায়িত্ব পালনে আন্তরিকতা এবং গজারিয়ায় কিশোরী ধর্ষণ-হত্যা মামলার তদন্তে অবদানের জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ভালো কাজের স্বীকৃতি যেমন দেওয়া হবে, তেমনি দায়িত্বে অবহেলা করলে তিরস্কারও করা হবে। এখন পর্যন্ত পুলিশ বাহিনীর অর্জন প্রশংসার দাবিদার বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে রোববার রাজধানীর পল্লবীর আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন আদালত। একই সঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও