রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

নিম্নস্তর থেকে প্রিমিয়াম—সব সিগারেটের দাম বাড়ানোর ঘোষণা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সব ধরনের সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী স্তরভেদে প্রতি শলাকা সিগারেটের দাম ১ থেকে ৩ টাকা পর্যন্ত বাড়তে পারে।

- Advertisement -

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তামাকজাত পণ্যের নতুন মূল্য কাঠামোর প্রস্তাব দেন।

প্রস্তাব অনুযায়ী, নিম্নস্তরের ১০ শলাকার সিগারেটের প্যাকেটের দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা, মধ্যমস্তরের ৮০ টাকা থেকে ৯২ টাকা, উচ্চস্তরের ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং অতি উচ্চস্তরের ১৮৫ টাকা থেকে ২১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নিম্নস্তরের সিগারেটের মধ্যে নেভি, রয়েল ও ডার্বির মতো ব্র্যান্ড রয়েছে। এসব সিগারেটের প্রতি শলাকার দাম কাগজে-কলমে ২০ পয়সা বাড়লেও খুচরা পয়সার প্রচলন না থাকায় বাজারে প্রতিটির দাম ৭ টাকা পর্যন্ত হতে পারে।

মধ্যমস্তরের সিগারেটের মধ্যে জন প্লেয়ার ও গোল্ড লিফের কিছু প্যাকেট রয়েছে। এ স্তরের সিগারেটের প্রতি শলাকার দাম প্রায় ১০ টাকায় পৌঁছাতে পারে।

উচ্চস্তরের সিগারেটের ক্ষেত্রে প্রতি শলাকার মূল্য ১৬ টাকা এবং অতি উচ্চস্তরের সিগারেট, যেমন বেনসন অ্যান্ড হেজেসের প্রতি শলাকার দাম ২১ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

তামাক নিয়ন্ত্রণ গবেষক সুশান্ত সিনহা বলেন, কর কাঠামোয় বড় পরিবর্তন না এনে শুধু মূল্য বৃদ্ধি করায় বহুজাতিক সিগারেট কোম্পানিগুলো অতিরিক্ত মুনাফার সুযোগ পাবে। তার মতে, খুচরা পয়সার অনুপস্থিতির কারণে নিম্নস্তরের সিগারেটেই ভোক্তাদের বাড়তি অর্থ গুনতে হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও