রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

একদিনের সফরে কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজার প্রতিনিধি:

একদিনের সরকারি সফরে কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে তিনি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন।

- Advertisement -

এর আগে সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল পৌনে ৯টার দিকে গুলশানের বাসভবন থেকে বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। পূর্বঘোষিত সফরসূচি অনুযায়ী তিনি সকাল ১০টায় কক্সবাজারে পৌঁছান।

সফরের শুরুতে কক্সবাজার সদরের পিএমখালী এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর খনন করা ‘পাতলীখাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করেন এবং সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন।

পরে চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্ক-এ বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থান-২৪ আন্দোলনে কক্সবাজারের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

সফরসূচিতে আরও রয়েছে নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন। এরপর কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর পেকুয়ার বাসভবনে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম গ্রহণ করবেন।

বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত বিএনপির রাজনৈতিক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে কক্সবাজার শহরে একটি সুধী সমাবেশে অংশ নেওয়ার পাশাপাশি মেরিন ড্রাইভ ও সমুদ্র সৈকত পরিদর্শনের কর্মসূচিও রয়েছে।

দিনব্যাপী কর্মসূচি শেষে রাত ১০টায় ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সর্বশেষ

এই বিভাগের আরও