প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে ভারতের রাজধানী দিল্লিতে প্রবেশের সময় ইমিগ্রেশন জটিলতার মুখে পড়তে হয়েছে। রোববার (১৪ জুন) সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে প্রবেশের অনুমতি না দিয়ে দীর্ঘ সময় অপেক্ষায় রাখা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জানা গেছে, সোমবার থেকে শুরু হওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল জাহেদ উর রহমানের। সফরের আগে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে তার সফরের বিষয়ে অবহিত করেছিল।
সূত্রের দাবি, বিমানবন্দরে পৌঁছানোর পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষায় রাখে। পরে উচ্চ পর্যায় থেকে প্রবেশের অনুমতি এলেও তিনি দিল্লিতে না থেকে সফর বাতিলের সিদ্ধান্ত নেন।
এরপর রাতেই তিনি দিল্লি থেকে কলম্বোর উদ্দেশে রওনা হন। সেখান থেকে সোমবার ঢাকায় ফেরার কথা রয়েছে।
ঘটনাটি নিয়ে কূটনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

