দুই দিনের সরকারি মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) রাতে তিনি চীনের দালিয়ান শহরে পৌঁছান।
এর আগে স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দালিয়ানের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি জানান, দালিয়ানে প্রধানমন্ত্রী দুই দিন অবস্থান করবেন। সেখানে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (সামার দাভোস) বার্ষিক সম্মেলনে অংশ নেবেন। সম্মেলন শেষে তিনি চীনের রাজধানী বেইজিং সফর করবেন, যেখানে রাষ্ট্রীয় সফরের মূল কর্মসূচি অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর বিদায়ের সময় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায়া ভিআইপি টার্মিনালে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান। এ সময় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম এবং ডেপুটি হাইকমিশনার শাহানারা মলিকাও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর চীন সফরে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ, বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।

