মন্ত্রীদের সংসদ অধিবেশনে নিয়মিত উপস্থিত থাকার আহ্বান জানিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, “কোনো রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। সব রাষ্ট্রীয় কর্মকাণ্ডের মধ্যে সংসদ অধিবেশনই সর্বোচ্চ গুরুত্ব পায়।”
মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান মন্ত্রীদের অনুপস্থিতির বিষয়টি তুলে ধরলে স্পিকার এ মন্তব্য করেন।
বিরোধীদলীয় নেতা বলেন, সংসদকে প্রাণবন্ত রাখতে স্পিকার শুরু থেকেই আহ্বান জানিয়ে আসছেন। কিন্তু প্রায়ই দেখা যায়, যে মন্ত্রণালয়ের বিষয়ে আলোচনা চলছে, সেই মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি সংসদ কক্ষে উপস্থিত থাকেন না। জ্যেষ্ঠ মন্ত্রীদের অনুপস্থিতি সংসদের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেন তিনি।
জবাবে স্পিকার বলেন, চিফ হুইপের মাধ্যমে মন্ত্রীদের জানিয়ে দেওয়া হবে, যাতে তারা যথাসময়ে সংসদে উপস্থিত থাকেন এবং নিজ নিজ মন্ত্রণালয়-সংক্রান্ত আলোচনায় অংশ নেন। সংসদ সদস্যদের বক্তব্য শুনে প্রয়োজন হলে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।
স্পিকার আরও বলেন, সংসদ কক্ষে ছোট ছোট দলে গল্পগুজব করাও অনুচিত। তিনি সংসদ সদস্যদের নিজ নিজ আসনে বসে কার্যক্রমে অংশ নেওয়ার অনুরোধ জানান। গুজব নিয়ে সংসদে সময় নষ্ট নয়।
একই অধিবেশনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থা এবং তাকে ঘিরে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজবের বিষয়ে সরকারের বক্তব্য জানতে চান।
এ বিষয়ে স্পিকার জানান, মির্জা আব্বাস চিঠির মাধ্যমে জানিয়েছেন যে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
গুজব প্রসঙ্গে স্পিকার বলেন, “কে কী বলেছে বা কী গুজব ছড়িয়েছে, তা জাতীয় সংসদের আলোচ্য বিষয় হতে পারে না। গুজব নিয়ে সংসদের মূল্যবান সময় নষ্ট করা যাবে না।”
তিনি সংসদ সদস্যদের চলমান ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়েই পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার আহ্বান জানান।

