সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

ব্রাজিলের ছন্দে খুশি আনচেলত্তি, বললেন ‘আমরা এখনো নিখুঁত নই’

ক্রীড়া প্রতিবেদক

স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। তবে টানা দুই জয় ও দারুণ পারফরম্যান্সের পরও সমর্থকদের অতিরিক্ত উচ্ছ্বসিত না হওয়ার আহ্বান জানিয়েছেন সেলেসাওদের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

- Advertisement -

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ইতালিয়ান এই কোচ বলেন, মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে ড্রয়ের পর দল অনেক উন্নতি করেছে এবং এখন খেলোয়াড়রা সত্যিকার অর্থেই দলগত ফুটবল খেলছে।

আনচেলত্তি বলেন, ‘এখন আমরা একটি দল হিসেবে খেলছি, সেটাই ছিল আমাদের লক্ষ্য। তবে আমরা এখনো নিখুঁত নই। বলের দখল ধরে রেখে আরও দ্রুত খেলতে হবে। প্রথম ম্যাচের তুলনায় উন্নতিতে আমি সন্তুষ্ট। নকআউট পর্বে শক্তিশালী দল হয়ে ওঠাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

প্রায় তিন বছর পর বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে মাঠে ফেরা নেইমারের প্রশংসাও করেন তিনি। বদলি হিসেবে নেমে ভালো খেলেছেন উল্লেখ করে আনচেলত্তি বলেন, চোট কাটিয়ে ফিরতে নেইমার কঠোর পরিশ্রম করেছেন এবং তার অভিজ্ঞতা বিশ্বকাপে ব্রাজিলকে বড় সহায়তা করবে।

তিনি আরও বলেন, ‘৩৪ বছর বয়সেও নেইমারের মধ্যে একজন তরুণ ফুটবলারের মতো আবেগ রয়েছে। ব্রাজিলের জার্সি গায়ে খেলতে কোনো ফুটবলারের আলাদা অনুপ্রেরণার প্রয়োজন হয় না।’

স্কটল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে টানা তৃতীয় ম্যাচে ম্যাচসেরার পুরস্কার জেতা ভিনিসিয়ুস জুনিয়রেরও ভূয়সী প্রশংসা করেন ব্রাজিল কোচ।

আনচেলত্তির ভাষায়, ‘ভিনিসিয়ুস দুর্দান্ত ছন্দে আছে। উইং কিংবা ভেতরের পজিশন—দুই জায়গাতেই সে সমান কার্যকর। আমি কখনোই সন্দেহ করিনি, সে বিশ্বের সেরাদের একজন হয়ে উঠবে।’

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় শেষ ষোলোতে ‘এফ’ গ্রুপের রানার্সআপ—নেদারল্যান্ডস, জাপান কিংবা সুইডেনের যেকোনো একটি দলের মুখোমুখি হতে পারে ব্রাজিল। তবে সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে ভাবার চেয়ে নিজেদের খেলাতেই মনোযোগ দিতে চান আনচেলত্তি।

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু ভালো খেলা নয়, শিরোপা জেতা। একজন কোচকে শেষ পর্যন্ত জয়-পরাজয় দিয়েই মূল্যায়ন করা হয়।’

ব্রাজিলজুড়ে বাড়তে থাকা উচ্ছ্বাস প্রসঙ্গে শেষবারের মতো প্রশ্ন করা হলে হেসে সংক্ষিপ্ত উত্তর দেন আনচেলত্তি, ‘সবাই শান্ত থাকুন।’

সর্বশেষ

এই বিভাগের আরও