রবিবার, ২৮ জুন ২০২৬

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার কেবল আইন প্রয়োগের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ সমস্যা মোকাবিলায় সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে মাদকের বিরুদ্ধে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

- Advertisement -

শুক্রবার (২৬ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি উদ্যানে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, এটি পরিবার, সমাজ এবং জাতীয় অর্থনীতির ওপরও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলে। তিনি জানান, সাম্প্রতিক এক গবেষণা অনুযায়ী দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনোভাবে মাদক গ্রহণ করছেন, যা মোট জনসংখ্যার প্রায় ৪ দশমিক ৮৮ শতাংশ।

তিনি বলেন, মাদক পাচারকারী চক্র এখন প্রযুক্তিনির্ভর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও এনক্রিপটেড যোগাযোগব্যবস্থা ব্যবহার করে তারা বিশেষ করে তরুণদের টার্গেট করছে। এ কারণে মাদক প্রতিরোধে আধুনিক ও কার্যকর কৌশল গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সেই নীতির আলোকে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। পাশাপাশি সময়োপযোগী ও কার্যকর আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আইন প্রয়োগের পাশাপাশি মাদকের চাহিদা কমিয়ে আনাই সবচেয়ে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা। এ লক্ষ্যে মাদকের ভয়াবহ পরিণতি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বিলবোর্ড, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক প্রচারণা এবং বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকারি ও বেসরকারি পর্যায়ে মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম সম্প্রসারণ এবং এসব সেবার মানোন্নয়নেও সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও