রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

নির্মাণাধীন ভবন থেকে ফেলে কলেজ শিক্ষার্থী সাজিদ হত্যা: গ্রেপ্তার আরও ১

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের চকবাজারে নির্মাণাধীন ভবনের অষ্টম তলা থেকে ফেলে বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আশফাক কবির সাজিদকে হত্যা মামলার এক সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৭।

- Advertisement -

শনিবার (২৭ জুন) বিকেলে র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, হত্যা মামলার পলাতক সন্দেহভাজন আসামি ইশতিয়াক (২২) দক্ষিণ রাঙ্গুনিয়া এলাকায় অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রাঙ্গুনিয়ার শিলক মিনাগাজির টিলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইশতিয়াক নগরের চকবাজার থানার ডিসি রোড শিশু কবরস্থান এলাকার বাসিন্দা ইদ্রিসের ছেলে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চকবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, নিহত আশফাক কবির সাজিদ কক্সবাজারের চকরিয়া উপজেলার দাতিনাথালীপাড়া এলাকার আবুল হাসেমের ছেলে এবং বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

গত ১২ এপ্রিল বিকেলে সাজিদ তার বন্ধু ফারদিন হাসানের সঙ্গে বৌ-বাজার এলাকায় একটি টং দোকানের সামনে অবস্থান করছিলেন। এ সময় আইমন, অনিক, রানা ওরফে মাইকেল রানা, ইলিয়াস, এনায়েত উল্লাহ, মিসকাতুল কায়েসসহ কয়েকজন তাকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তুলে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে।

প্রাণ বাঁচাতে দৌড়ে তিনি ডিসি রোডের মৌসুমি আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের অষ্টম তলায় আশ্রয় নেন। পরে অভিযুক্তরা ভবনের দারোয়ানকে ‘চোর ঢুকেছে’ বলে গেট খুলতে বাধ্য করে ভেতরে প্রবেশ করে। এরপর সাজিদকে মারধরের পর গুরুতর আহত অবস্থায় ভবনের অষ্টম তলার লিফটের ফাঁকা স্থান দিয়ে নিচে ফেলে দেওয়া হয়।

পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে গত ১৩ এপ্রিল চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত চলছে।

সর্বশেষ

এই বিভাগের আরও