বিশ্বকাপের মঞ্চে চার দশকের অপেক্ষার অবসান ঘটিয়েছে মেক্সিকো। দুর্দান্ত পারফরম্যান্সে একুয়েডরকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে উত্তর আমেরিকার দলটি। একই সঙ্গে ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয় তুলে নিল মেক্সিকানরা।
বাংলাদেশ সময় বুধবার (১ জুলাই) সকালে ঐতিহাসিক আসতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি বজ্রঝড়ের কারণে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে শুরু হয়। তবে অপেক্ষার প্রতিদান দারুণভাবেই দেন স্বাগতিকরা। ৮০ হাজারের বেশি দর্শকের সামনে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মেক্সিকো।
ম্যাচের শুরুতেই কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায় ২২তম মিনিটে। নিজেদের অর্ধ থেকে দ্রুতগতির পাল্টা আক্রমণে অফসাইড ফাঁদ ভেঙে এগিয়ে যান হুলিয়ান কিনোনেস। বক্সে ঢুকে দুর্দান্ত এক শটে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন তিনি।
গোলের রেশ কাটতে না কাটতেই ব্যবধান দ্বিগুণ করে মেক্সিকো। একুয়েডরের ডিফেন্ডার জোয়েল ওর্দানেসের ভুল ক্লিয়ারেন্স থেকে বল পেয়ে হুলিয়ান কিনোনেসের সঙ্গে চমৎকার বোঝাপড়ার পর রাউল হিমেনেস দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে নিচু শটে বল জালে পাঠান।
প্রথমার্ধে ছন্দহীন একুয়েডর বিরতির আগে কয়েকটি আক্রমণ শানালেও মেক্সিকোর গোলরক্ষক রাউল রাহনেল দুর্দান্ত সেভে দলকে নিরাপদ রাখেন।
দ্বিতীয়ার্ধে বলের দখল কিছুটা বাড়ায় একুয়েডর। তবে কার্যকর আক্রমণ গড়ে তুলতে ব্যর্থ হয় তারা। বরং ৬৭তম মিনিটে কর্নার থেকে সেসার মন্তেসের হেড এক হাতে ফিরিয়ে দিয়ে দলকে বড় বিপদ থেকে রক্ষা করেন একুয়েডরের গোলরক্ষক এর্নান গালিন্দেজ।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মেক্সিকো। এই জয়ে ৪০ বছরের নকআউট জয়ের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নেয় স্বাগতিকরা।

