রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ডিসেম্বরেই শিক্ষার্থীদের হাতে নতুন বই, যুক্ত হচ্ছে চার নতুন বিষয়

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

চলতি বছরের ডিসেম্বরেই শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে জাতীয় শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করার কথাও জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

- Advertisement -

সোমবার (৬ জুলাই) দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ডিসেম্বরে চূড়ান্ত (ফাইনাল) পরীক্ষা চলাকালেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

শিক্ষামন্ত্রী বলেন, “আমরা আশা করছি, ডিসেম্বরে যখন ফাইনাল পরীক্ষা হবে, তখনই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিতে পারব।”

কারিকুলাম পরিমার্জনের বিষয়ে তিনি জানান, নতুন শিক্ষাক্রমে চারটি বিষয় সংযোজন করা হচ্ছে। এর মধ্যে চতুর্থ শ্রেণিতে ‘সংস্কৃতি ও খেলাধুলা’ এবং ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও কারিগরি শিক্ষায় ‘বিতর্ক’ অন্তর্ভুক্ত করা হচ্ছে। পাশাপাশি আরও একটি নতুন বিষয় যুক্ত করার কাজও চলছে বলে জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন পাঠ্যপুস্তক প্রস্তুতের বিষয়ে প্রধানমন্ত্রী ৩০ নভেম্বরের মধ্যে সব কাজ সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন।

প্রতি বছর বই ছাপায় যে জটিলতা দেখা দেয়, তা এড়াতে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, টেন্ডার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। আগস্টের প্রথম সপ্তাহে কার্যাদেশ (ওয়ার্ক অর্ডার) দেওয়া হবে। এরপরই বই ছাপার কাজ শুরু হবে। পুরো কার্যক্রম শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) যৌথভাবে তদারকি করবে।

এ সময় শিক্ষামন্ত্রী আরও জানান, তৃতীয় কোনো ভাষা শিক্ষাকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার বিষয়ে সরকার আগামী বছর থেকে কাজ শুরু করবে। এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও