রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

‘ডিসেম্বরে দেশে ফিরলে রায় কার্যকরের মুখোমুখি হবেন’—নাহিদ ইসলাম

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তা হবে তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার জন্য।

- Advertisement -

তিনি বলেন, সরকারকে যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় তাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় বাস্তবায়ন করতে হবে।

শুক্রবার (১০ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশন।

সম্প্রতি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত শেখ হাসিনার সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন,

“আজ একটি সাক্ষাৎকারে দেখলাম, ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা বলা হয়েছে। আমরা চাই, তিনি দেশে ফিরুন—তবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য।”

তিনি বলেন, শেখ হাসিনা কীভাবে দেশে ফিরবেন, কাদের সঙ্গে ফিরবেন বা আত্মসমর্পণ করবেন কি না—এসব নির্ধারণ করবেন না তিনি নিজে; এটি বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের বিষয়।

নাহিদ ইসলাম বলেন, সরকারের উচিত ভারতের সঙ্গে কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং আদালতের রায় কার্যকর করা। তার মতে, “এটিও দেশের স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।”

তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক শক্তিগুলো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতি রক্ষায় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা তৈরির কোনো চেষ্টা হলে এবং সরকার যদি তাতে প্রশ্রয় দেয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে সরকারই।

তিনি বলেন, সরকার আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় আনার বিষয়টি বিবেচনা করছে এবং “এটাই সঠিক পথ” বলে মনে করেন তিনি।

নাহিদ ইসলাম আরও দাবি করেন, শেখ হাসিনা দলীয় নেতা-কর্মীদের রেখে ভারতে চলে গেছেন এবং তার রাজনৈতিক সিদ্ধান্তগুলোও ভারতের ওপর নির্ভরশীল। তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরা, বিচার বা রায় কার্যকর—এসব বিষয় মূলত ঢাকা ও দিল্লির কূটনৈতিক ও রাজনৈতিক সমঝোতার ওপর নির্ভর করবে।

এ সময় মানবতাবিরোধী অপরাধের এক মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের রায় নিয়েও অসন্তোষ প্রকাশ করেন নাহিদ ইসলাম। তার দাবি, ওই রায় বিচারব্যবস্থা ও ট্রাইব্যুনালকে প্রশ্নের মুখে ফেলেছে এবং এ বিষয়ে সরকারের প্রতিক্রিয়াও সন্তোষজনক নয়।

সর্বশেষ

এই বিভাগের আরও