বিশ্বকাপের ইতিহাসে নতুন গোলরেকর্ড গড়লেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপে। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে আর্জেন্টিনার লিওনেল মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে উঠেছেন তিনি।
শনিবার মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই ৪-০ গোলে পিছিয়ে পড়ে ফ্রান্স। বিশ্বকাপে প্রথমবারের মতো কোনো ম্যাচের প্রথমার্ধে চার গোল হজম করে ফরাসিরা।
বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন এমবাপে। ম্যাচের ৪৮তম মিনিটে মাইকেল ওলিসের পাস থেকে প্রথম গোল করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ২১-এ নিয়ে মেসির রেকর্ড স্পর্শ করেন।
এরপর ৬৬তম মিনিটে আবারও জালের দেখা পান রিয়াল মাদ্রিদের এই তারকা। সতীর্থদের দারুণ সমন্বয়ে পাওয়া বল নিখুঁত প্লেসিং শটে জালে পাঠিয়ে বিশ্বকাপে নিজের ২২তম গোল করেন তিনি। এর মধ্য দিয়ে মেসির ২১ গোলের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েন এমবাপে।
মাত্র ২২ ম্যাচে ২২ গোল করেছেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। অন্যদিকে মেসি বিশ্বকাপে ৩৩ ম্যাচে ২১ গোল করেছিলেন।
চলতি বিশ্বকাপেও দুর্দান্ত ফর্মে রয়েছেন এমবাপে। জোড়া গোলের সুবাদে এবারের আসরে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০-এ, যা তাকে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে তুলে দিয়েছে। আট গোল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ৩৯ বছর বয়সী লিওনেল মেসি, যিনি রোববার স্পেনের বিপক্ষে ফাইনালে মাঠে নামবেন।
এদিকে, এক বিশ্বকাপে ১০ বা তার বেশি গোল করা ইতিহাসের মাত্র চতুর্থ ফুটবলার হলেন এমবাপে। তিনি ১৯৭০ বিশ্বকাপে ১০ গোল করা জার্মান কিংবদন্তি জার্ড মুলারের পাশে জায়গা করে নিয়েছেন।
বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড এখনো ফ্রান্সের জুস্ত ফঁতেনের দখলে। তিনি ১৯৫৮ বিশ্বকাপে করেছিলেন ১৩ গোল। আর ১৯৫৪ বিশ্বকাপে ১১ গোল করে দ্বিতীয় স্থানে রয়েছেন হাঙ্গেরির সান্দর কোচিশ।

