রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

আয় ২২ কোটি, ব্যয় ১৫ কোটি—ইসিতে বিএনপির হিসাব

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

ভোটের বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র আয় ও ব্যয়—দুই-ই উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৫ পঞ্জিকা বছরে দলটির আয় হয়েছে ২২ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ১৮২ টাকা এবং ব্যয় হয়েছে ১৫ কোটি ২৬ লাখ ১০ হাজার ৮৫৭ টাকা।

- Advertisement -

রোববার (১৯ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদের কাছে দলের ২০২৫ সালের নিরীক্ষিত (অডিট) আয়-ব্যয়ের হিসাব জমা দেয়।

দলীয় হিসাব অনুযায়ী, চলতি বছরের উদ্বৃত্তসহ বিএনপির তহবিলে আগের স্থিতি মিলিয়ে বর্তমানে ২৮ কোটি টাকার বেশি অর্থ রয়েছে।

এর আগে ২০২৪ সালে বিএনপির আয় ছিল ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা এবং ব্যয় ছিল ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২০ টাকা। সে তুলনায় ২০২৫ সালে দলের আয় উল্লেখ যোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ব্যয় প্রায় তিনগুণ হয়েছে।

বিএনপি জানিয়েছে, দলীয় সদস্যদের নিয়মিত চাঁদা, ব্যক্তি ও শুভানুধ্যায়ীদের অনুদান এবং দলীয় মনোনয়ন ফরম বিক্রির অর্থ থেকে তাদের আয়ের প্রধান উৎস এসেছে।

অন্যদিকে ব্যয়ের খাতের মধ্যে রয়েছে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন, প্রচারপত্র ও পোস্টার প্রকাশ, কেন্দ্রীয় ও স্থানীয় কার্যালয়ের রক্ষণাবেক্ষণ, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা এবং দুস্থ নেতা-কর্মীদের সহায়তা।

ইসিতে বিএনপির প্রতিনিধি দলে রুহুল কবির রিজভী ছাড়াও দলের কোষাধ্যক্ষ ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং সহ-দপ্তর সম্পাদক মনির হোসেন উপস্থিত ছিলেন।

অডিট রিপোর্ট জমা দিয়ে রুহুল কবির রিজভী বলেন, “সব প্রক্রিয়া অনুসরণ করেই আমরা হিসাব জমা দিয়েছি। গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলের আয়-ব্যয়ের তথ্য জনগণের সামনে তুলে ধরা গণতন্ত্রকে শক্তিশালী করারই একটি অংশ।”

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দেওয়া বাধ্যতামূলক। টানা তিন বছর এ হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও