চট্টগ্রামের চকবাজারে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেট (ডিডিএন)-এ চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় হামলাকারীদের বহনে ব্যবহৃত একটি অ্যাম্বুলেন্স জব্দ করেছে পুলিশ।
এ ঘটনায় অ্যাম্বুলেন্সটির চালককে গ্রেপ্তার করা হয়েছে। একই ঘটনায় র্যাব-৭ পৃথক অভিযানে আরও নয়জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে।
রোববার (১৯ জুলাই) চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, চকবাজার থানায় দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে অভিযানে হামলাকারীদের ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়। এ সময় চালক মো. মহিউদ্দিনকে (৩১) গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়।
একই দিনে র্যাব-৭ চট্টগ্রাম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযানে মামলার সঙ্গে জড়িত আরও নয়জনকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে ঘটনায় ব্যবহৃত চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।
পুলিশ ও র্যাবের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সিএমপি জানিয়েছে, ডিডিএন প্রতিষ্ঠানে চাঁদা দাবির পর হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত মোট ২২ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

