শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

চিকিৎসার জন্য বাইরে, ফিরে এসে দেখলেন আলমারি ভাঙা

এস এম শাহেদ হোসেন ছোটন, বোয়ালখালী:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সাবেক পল্লী বিদ্যুৎ কর্মকর্তা সাইফুল চৌধুরীর বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল আলমারির তালা ভেঙে প্রায় দুই ভরি স্বর্ণালংকার ও নগদ ৮৫ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।

- Advertisement -

রোববার (২৬ জুলাই) দিবাগত রাতে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আকুবদণ্ডী গ্রামের আব্দুল জলিল চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাইফুল চৌধুরী ও তার স্ত্রী জানান, চিকিৎসার জন্য রোববার সন্ধ্যায় তারা চট্টগ্রাম নগরীতে যান। চিকিৎসা শেষে গভীর রাত হয়ে যাওয়ায় তারা ছেলের বাসায় অবস্থান করেন। সোমবার সকালে বাড়িতে ফিরে দেখেন, বাইরে থেকে দরজা বন্ধ থাকলেও ভেতরের লক লাগানো রয়েছে।

পরে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন, আলমারির তালা ভাঙা এবং ঘরের বিভিন্ন জিনিসপত্র তছনছ করা হয়েছে। আলমারিতে রাখা প্রায় দুই ভরি স্বর্ণালংকার ও নগদ ৮৫ হাজার টাকা খোয়া গেছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত ও সংঘবদ্ধ চুরির ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা রাতের নিরাপত্তা জোরদার এবং চোরচক্রকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও