রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। ওইদিন সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।

- Advertisement -

সোমবার (২৭ জুলাই) দুপুরে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের আশা প্রকাশ করেছিলেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ না হওয়ায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও নানা ধরনের আলোচনা তৈরি হয়। পরে তিনি চলতি মাসেই ফল প্রকাশের চেষ্টা চলছে বলে জানান।

এরই ধারাবাহিকতায় শিক্ষা বোর্ডগুলোকে ২৮ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়। যদিও শেষ পর্যন্ত ফল প্রকাশের জন্য ১০ আগস্ট তারিখ নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় গত ২০ মে। প্রচলিত নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও এবার তা সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এবারের পরীক্ষায় বহিষ্কারের ঘটনাও ছিল তুলনামূলকভাবে কম।

সর্বশেষ

এই বিভাগের আরও