রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

‘সরকার সন্ত্রাসের পথে হাঁটলে জনগণ প্রতিরোধ গড়বে’— নাহিদ ইসলাম

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

সিলেটের গোলাপগঞ্জে এনসিপি নেতা সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনায় সরকারের সমালোচনা করে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো।”

- Advertisement -

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মিনি অডিটোরিয়ামে জাতীয় ছাত্রশক্তি শাখার আয়োজিত ‘অগ্নিঝরা জুলাই: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, দেশের স্বার্থে সন্ত্রাস মোকাবিলায় শুধু ১১ দল নয়, ছাত্র-জনতা এবং সব গণতান্ত্রিক, সামাজিক ও রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি অভিযোগ করেন, হবিগঞ্জের পর এবার গোলাপগঞ্জেও হামলার ঘটনা প্রমাণ করে দেশকে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে এবং সরকারের ‘সন্ত্রাসী চরিত্র’ জনগণের সামনে উন্মোচিত হচ্ছে।

তিনি বলেন, “সরকার যদি সন্ত্রাসের পথে হাঁটে, তাহলে জনগণ প্রতিরোধের পথে হাঁটবে। আমরা গোলাপগঞ্জে যাবো। সেখানে দাঁড়িয়ে দেখবো সরকারের কত সন্ত্রাসী আছে, তারা আমাদের কতটুকু প্রতিরোধ করতে পারে। তবে সংস্কার, বিচার, গণরায় ও জনগণের অধিকারের পক্ষে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।”

এনসিপির আহ্বায়ক আরও অভিযোগ করেন, গোলাপগঞ্জে তাদের নেতাদের ওপর হামলা প্রমাণ করে সরকার সংস্কার চায় না এবং রাজনৈতিক কর্মসূচি পালনেও বাধা দিচ্ছে। তিনি দাবি করেন, অতীতে যেভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করা হয়েছিল, একই কৌশলে এখন তাদের ওপরও হামলা চালানো হচ্ছে।

সভায় শাবিপ্রবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে শাকসু নির্বাচন বন্ধ রাখা হয়েছে এবং ভোটাধিকারকে অস্বীকার করা হয়েছে।

আলোচনা সভায় জাতীয় ছাত্রশক্তির শাবিপ্রবি শাখার আহ্বায়ক রশিদ আবরারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এছাড়া জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ বখতিয়ারসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও