রবিবার, ২ আগস্ট ২০২৬

২৪ বছর পর আফ্রিকায় বিশ্বকাপ, ভেন্যু জানাল আইসিসি

ক্রীড়া প্রতিবেদক

দীর্ঘ ২৪ বছর পর আফ্রিকার মাটিতে আবারও বসছে ক্রিকেট বিশ্বকাপের আসর। এই মহাযজ্ঞের প্রস্তুতিতে বড় পদক্ষেপ নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

- Advertisement -

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২টি ভেন্যুর নাম ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে এই বৈশ্বিক টুর্নামেন্ট, যেখানে অংশ নেবে মোট ১৪টি দল।

ঘোষিত ভেন্যুগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকা পাচ্ছে আটটি মাঠ—জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়াম, শোয়ানের সেঞ্চুরিয়ন, কেপ টাউনের নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড, ডারবানের কিংসমিড ক্রিকেট গ্রাউন্ড, গেবেখার সেন্ট জর্জস পার্ক, ব্লুমফন্টেইনের মানগাউং ওভাল, পার্লের বোল্যান্ড পার্ক এবং কুগোমপো সিটির বাফেলো পার্ক। জিম্বাবুয়েতে ম্যাচ হবে তিনটি ভেন্যুতে—হারারে স্পোর্টস ক্লাব, বুলাওয়েওর কুইন্স স্পোর্টস ক্লাব এবং ভিক্টোরিয়া ফলসে সদ্য নির্মিত ফালে মোসি-ওয়া-টুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। আর নামিবিয়ার একমাত্র ভেন্যু হিসেবে থাকছে রাজধানী উইন্ডহুকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড।

জোহানেসবার্গে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট আইকন গ্রায়েম স্মিথ, মাখায়া এনটিনি, হাশিম আমলা, টেম্বা বাভুমা ও কাগিসো রাবাদা। সঙ্গে ছিলেন জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা এবং নামিবিয়ার রুডলফ জানসেন ভ্যান ভুরেন। একই অনুষ্ঠানে উন্মোচন করা হয় বিশ্বকাপের নতুন ব্র্যান্ডিং, যা সাজানো হয়েছে ‘উবুন্টু’ দর্শনকে সামনে রেখে—যার মূল বার্তা ঐক্য, মানবিকতা ও আফ্রিকার আতিথেয়তা।

আইসিসির ভাষ্যমতে, এই বিশ্বকাপ শুধু ক্রিকেটের লড়াই নয়, বরং আফ্রিকার সংস্কৃতি ও বৈচিত্র্যকে বিশ্বের সামনে তুলে ধরারও একটি বড় উপলক্ষ। ২০০৩ সালের পর এই প্রথম আফ্রিকা বিশ্বকাপ আয়োজন করছে, আর নামিবিয়ার জন্য এটি হবে সম্পূর্ণ প্রথমবারের মতো বিশ্বকাপ ভেন্যু হওয়ার গৌরব। এর পাশাপাশি আইসিসি ইতিমধ্যে টুর্নামেন্টের নতুন প্রতিযোগিতা কাঠামোও চূড়ান্ত করেছে, যেখানে আরও বেশি দলকে নকআউট পর্বে টিকে থাকার সুযোগ দেওয়া হবে।

ক্রিকেটবিশ্বের প্রত্যাশা, আফ্রিকার ঐতিহাসিক মাঠগুলোতে আবারও জন্ম নেবে নতুন সব স্মরণীয় মুহূর্ত। ভেন্যু ঘোষণার মধ্য দিয়ে ২০২৭ বিশ্বকাপ ঘিরে কাউন্টডাউন এখন থেকেই শুরু হয়ে গেছে, আর তার সঙ্গে বেড়ে গেছে উত্তেজনার পারদও।

সর্বশেষ

এই বিভাগের আরও