বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় ৩ দিনের ছুটি, খোলা থাকবে ১৭ অক্টোবর

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২০, ২১ ও ২২ অক্টোবর (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) দেশব্যাপী এ ছুটি পালিত হবে।

- Advertisement -

তবে এর আগে ১৭ অক্টোবর (শনিবার) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস অন্যান্য স্বাভাবিক কার্যদিবসের মতো খোলা থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্গাপূজার ছুটির সময় জরুরি ও অত্যাবশ্যকীয় সেবাগুলো ছুটির আওতার বাইরে থাকবে। এর মধ্যে হাসপাতাল, চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহন রয়েছে।

এ ছাড়া বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা সেবা, টেলিফোন, ইন্টারনেট ও ডাক সেবাও স্বাভাবিক নিয়মে চালু থাকবে। এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরাও ছুটির আওতামুক্ত থাকবেন।

জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলোও ছুটির বাইরে থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ব্যাংকিং কার্যক্রমের বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত জানাবে সুপ্রিম কোর্ট।

এদিকে, বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানার ছুটির বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।

সর্বশেষ

এই বিভাগের আরও