সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

২১ মাসের শিশুকে ছোবল দেওয়া পদ্ম গোখরা উদ্ধার

বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে সাপের কামড়ে ২১ মাস বয়সী শিশু আবদুল্লাহর মৃত্যুর পর এবার তার বাড়ি থেকেই উদ্ধার করা হয়েছে বিষধর পদ্ম গোখরা সাপ।

- Advertisement -

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধোরলা খান বাহাদুর পাড়ায় প্রবাসী ওসমান আলীর বসতঘর থেকে সাপটি উদ্ধার করা হয়।

ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের সদস্য আমীর হোসাইন শাওন প্রায় এক ঘণ্টার অভিযান চালিয়ে সাপটি উদ্ধার করেন।

তিনি জানান, শিশুটির মৃত্যুর খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থলে যান তিনি। বাড়ির একটি গর্তে সাপটির অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে বিষধর পদ্ম গোখরা সাপটি উদ্ধার করা হয়।

আমীর হোসাইন শাওন বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন, ঘটনার রাতে ঘরের ভেতরে একটি ব্যাঙ দেখা গিয়েছিল। ধারণা করা হচ্ছে, ব্যাঙ শিকার করতে গর্ত থেকে বের হয়ে সাপটি ঘরে প্রবেশ করে। এ সময় ঘরের ভেতরে খেলতে থাকা শিশুটিকে আত্মরক্ষার্থে ছোবল দেয় সাপটি।

সাপের কামড়ের ঘটনায় দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, শীতের শুরুতে খাবারের সন্ধানে সাপ বের হয় এবং নিরাপদ আশ্রয়ের খোঁজে লোকালয়ে প্রবেশ করতে পারে। এ সময় সবাইকে সতর্ক থাকতে হবে।

এর আগে রোববার (২২ নভেম্বর) রাতে সাপের কামড়ে গুরুতর আহত হয় শিশু আবদুল্লাহ। পরে তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আবদুল্লাহ উপজেলার আমুচিয়া ইউনিয়নের ধোরলা খান বাহাদুর পাড়ার সিদ্দিক আহমদের বাড়ির প্রবাসী ওসমান আলীর একমাত্র সন্তান। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ

এই বিভাগের আরও